রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

ব্র্যাক এক্সেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা


দক্ষিণ সুরমায় ব্র্যাক এক্সেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোমান মিয়া, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোহেল রানা।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ব্র্যাকের উপজেলা ম্যানেজার মো. মিজানুর রহমান, জসিম উদ্দিন, ব্র্যাকের সহকারী জেলা সমন্বয়কারী ঐশি বিশ্বাস, মেহেদী হাসান জনি প্রমুখ।
উল্লেখ্য, কোভিড-১৯ এর আকস্মিক প্রাদুর্ভাবের ফলে বাংলাদেশের সকল স্কুল ১৮ মাসের জন্য বাধ্যতামূলকভাবে বন্ধ করে দেয়া হয়েছিল এবং এসময় শ্রেণিকক্ষে প্রচলিত সকল শিখন-শেখানো কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই দীর্ঘস্থায়ী বন্ধে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীরা বড় ধরণের ক্ষতির সম্মুখীন হয় এবং ঝরে পড়া শিক্ষার্থীর হার ও বাড়তে থাকে। যুক্তরাজ্য সরকারের সহযোগীতায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির প্রকল্প এডুকেট দ্যা মোস্ট ডিসঅ্যাডভানটেজড চিলড্রেন ইন বাংলাদেশ (ইএমডিসি) এর মাধ্যমে সুবিধাবঞ্চিত ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য একসেলারেটেড মডেলে শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। ১০ মাসের এই মডেলের মধ্যে রয়েছে ৪ মাসের একটি ক্যাচ-আপ কম্পোনেন্ট (ব্রিজ কোর্স) এবং ৬ মাসের নির্দিষ্ট শ্রেণিভিত্তিক শিখন প্রক্রিয়া, যা শিক্ষার্থীদের পূর্বের শিখন ঘাটতি পূরণ করে পুনরায় আনুষ্ঠানিক স্কুলে ফিরিয়ে আনতে সাহায্য করেছে। বর্তমানে এই প্রকল্পটির চতুর্থ বর্ষ চলছে এবং প্রায় ৪৮৭৫০ শিক্ষার্থী ১৯৫০টি ব্র্যাক স্কুল থেকে এই মডেলে শিক্ষা সম্পন্ন করেছে এবং আরও ৩০০০০ শিক্ষার্থী ১২০০টি ব্র্যাক স্কুলে অধ্যয়নরত আছে। পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্পটির শেষে ১৪৭৫০০ শিক্ষার্থী প্রায় ৫৯০০টি এক কক্ষ বিশিষ্ট স্কুল থেকে ১০ মাসের একসেলারেটেড মডেলে শিক্ষা লাভ করবে।