শাবিতে ‘চুরি করতে এসে’ হাতেনাতে আটক, পুলিশে সোপর্দ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ বিল্ডিং সংলগ্ন জিইবি বিভাগের ওয়ার্কশপে ‘এসি’র কপার পাইপ চুরি করার সময় নিরাপত্তাকর্মীদের কাছে হাতেনাতে আটক হয়েছেন একজন। পরবর্তীতে প্রক্টরিয়াল বডি তাকে জালালাবাদ থানায় সোপর্দ করেন।
তবে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে থানায় কোন মামলা দায়ের করা হয়নি বলে জানা যায়। গত মঙ্গলবার সাড়ে ১১টার দিকে চোরকে আটক করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা (নিরাপত্তা) মোহাম্মদ ফারুক মিয়া।
তিনি বলেন, আমরা তার কাছ থেকে তার সঠিক পরিচয় বের করতে পারিনি। পরবর্তীতে প্রক্টরিয়াল বডির তত্ত্বাবধানে তাকে থানায় সোপর্দ করে। সে আগেও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে চুরি করেছে বলে স্বীকার করেছেন।
জালালাবাদ থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি সিলেটের জালালিয়া আবাসিক এলাকার মোশাহিদ আলীর ছেলে আব্দুল হান্নান।
জালালাবাদ থানার ওসি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে একজন চোরকে চুরি করা অবস্থায় হাতেনাতে ধরে সোপর্দ করেছেন। প্রশাসন কোন মামলা দায়ের করেনি। তবে, আমরা তাকে ছেড়ে দেবো না।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোকলেসুর রহমানকে একাধিকবার কল দিলে সাড়া মেলেনি।